নকশী কাঁথার জমিন: সাহিত্য থেকে চলচ্চিত্রে পুনর্নির্মাণ
সারসংক্ষেপ
এই প্রবন্ধে আকরাম খান পরিচালিত নকশী কাঁথার জমিন চলচ্চিত্রকে সাহিত্য থেকে চলচ্চিত্রে অভিযোজনের একটি নান্দনিক ও চলচ্চিত্রতাত্ত্বিক পুনর্নির্মাণ হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। হাসান আজিজুল হকের বিধবাদের কথা ছোটগল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি কেবল একটি সাহিত্যিক কাহিনির দৃশ্যরূপ নয়; বরং স্মৃতি, ইতিহাস, নীরবতা এবং সময়ের একটি কাব্যিক চলচ্চিত্রভাষা নির্মাণ করে। প্রবন্ধে আন্দ্রে বাজাঁর অভিযোজন তত্ত্ব, ফ্রাঁসোয়া ত্রুফোর Auteur Theory, আন্দ্রেই তারকোভস্কির Sculpting in Time, ডেভিড বোর্ডওয়েলের ন্যারেটিভ বিশ্লেষণ, রোলাঁ বার্তের Writerly Text, পিয়ের নোরার Lieux de Mémoire এবং মিশেল শিয়োঁর শব্দতত্ত্বের আলোকে চলচ্চিত্রটির অভিনয়, সম্পাদনা, সংগীত, রঙ, mise-en-scène এবং দর্শক-অংশগ্রহণের নন্দনতত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। প্রবন্ধটি যুক্তি দেয় যে নকশী কাঁথার জমিন বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ Poetic Historical Cinema, যা সাহিত্যকে অনুবাদ না করে তার সঙ্গে সংলাপ স্থাপন করে এবং ইতিহাসকে পুনর্নির্মাণ না করে তার অনুভূতিকে দৃশ্য, শব্দ ও নীরবতার মাধ্যমে পুনর্গঠন করে।
কীওয়ার্ড: নকশী কাঁথার জমিন, আকরাম খান, হাসান আজিজুল হক, অভিযোজন তত্ত্ব, Auteur Theory, Poetic Cinema, বাংলাদেশি চলচ্চিত্র
লেখক পরিচিতিঃ
রাজীবুল হোসেন একজন বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রগ্রাহক, সম্পাদক, গবেষক ও শিক্ষাবিদ। প্রায় তিন দশক ধরে তিনি চলচ্চিত্র, গণযোগাযোগ, নন্দনতত্ত্ব এবং বাংলাদেশি জাতীয় সিনেমা নিয়ে কাজ করছেন। বাংলাদেশে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের একজন সক্রিয় কণ্ঠ হিসেবে তিনি পরিচিত। তাঁর চলচ্চিত্র দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও সম্মানিত হয়েছে। বর্তমানে তিনি চলচ্চিত্র শিক্ষা, গবেষণা, নীতি প্রণয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন মিডিয়া প্রযুক্তির সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক নিয়ে কাজ করছেন।
চলচ্চিত্র পরিচিতি ও কাহিনীঃ
‘নকশী কাঁথার জমিন’ আকরাম খান পরিচালিত একটি কাব্যিক ঐতিহাসিক চলচ্চিত্র, যা হাসান আজিজুল হকের কালজয়ী ছোটগল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে দুই বিধবার জীবন, তাঁদের অপেক্ষা, অনুপস্থিতি, স্মৃতি এবং সময়ের দীর্ঘ ক্ষয়। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৭০-এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১-এর মুক্তিযুদ্ধ—বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো এখানে রাজনৈতিক ঘটনার ধারাবিবরণী হিসেবে নয়, বরং মানুষের ব্যক্তিগত জীবন, শোক, নীরবতা ও বেঁচে থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এই চলচ্চিত্রে গল্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দর্শকের স্মৃতি, বাংলাদেশের মাটি, জমিন, সংস্কৃতি, পোশাক, নীরবতা এবং সময়ের চলমানতা।
নকশী কাঁথার জমিন: সাহিত্য থেকে চলচ্চিত্রে রূপান্তর নয়, পুনর্নির্মাণ
সাহিত্য এবং চলচ্চিত্র, এই দুই শিল্পমাধ্যমের কাজই হলো গল্প বলা। তাদের ভাষা, উপস্থাপন-কৌশল এবং অনুভূতির বিন্যাস ভিন্ন ভিন্ন। সাহিত্য শব্দের মাধ্যমে পাঠকের কল্পনায় দৃশ্য নির্মাণ করে, আর চলচ্চিত্র দৃশ্য, শব্দ, সময়, নীরবতা, রঙ এবং শরীরের উপস্থিতির মাধ্যমে অর্থ উৎপাদন করে। ফলে একটি সাহিত্যকর্মকে চলচ্চিত্রে রূপান্তর করা মানে কেবল গল্পকে দৃশ্যে অনুবাদ করা নয়; বরং একটি শিল্পভাষা থেকে আরেকটি শিল্পভাষায় নান্দনিক ও দার্শনিক চিন্তার-উপস্থাপনের পুনর্গঠন করা। এই পুনর্গঠনের প্রক্রিয়ায় সাহিত্যিকের লেখার ভেতরের নীরবতা, অনুপস্থিতি, আবহ, সময় এবং সাংস্কৃতিক স্মৃতিকে চলচ্চিত্র নতুন অর্থে হাজির করে। সাহিত্যের কল্পনার অসীম সীমানা থেকে দৃশ্য শব্দের পরিচিত দুনিয়ায় চলচ্চিত্র সাহিত্যের অনুভূতি নিয়ে আসে।
বাংলাদেশি চলচ্চিত্র ইতিহাসে সাহিত্য থেকে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা কম নয়। রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হকসহ বহু লেখকের সাহিত্যকর্ম চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। কিন্তু এই রুপান্তর গুলোর অধিকাংশই মূলত কাহিনীনির্ভর। সেখানে সাহিত্যিক রচনার ঘটনা, চরিত্র এবং সংলাপকে দৃশ্যায়িত করা হয়েছে, অথচ তার নীরবতা, সময়চেতনা এবং অস্তিত্ববাদী আবহ অনেক ক্ষেত্রে চলচ্চিত্রে অনুপস্থিত থেকেছে। আন্দ্রে বাজাঁ (André Bazin) তাঁর Adaptation, or the Cinema as Digest প্রবন্ধে বলেছিলেন, সাহিত্যিক রচনার প্রতি আক্ষরিক বিশ্বস্ততা নয়, বরং তার নান্দনিক ও দার্শনিক চেতনাকে চলচ্চিত্রের নিজস্ব ভাষায় পুনর্নির্মাণ করাই প্রকৃত অভিযোজন। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে আকরাম খানের 'নকশী কাঁথার জমিন' বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য থেকে নির্মিত চলচ্চিত্র। এটি সাহিত্যকে পুনরাবৃত্তি করে না; বরং তার সঙ্গে একটি গভীর সংলাপ স্থাপন করেছে।
হাসান আজিজুল হকের “বিধবাদের কথা” ছোটগল্প বাংলা সাহিত্যের অন্যতম শক্তিশালী সংযমী লেখা। গল্পটির শক্তি তার ঘটনার ভেতরে নয়; বরং তার নীরবতায়। এখানে ভাষা যতটা বলে, তার চেয়ে বেশি লুকিয়ে রাখে। দুই বিধবার জীবন, তাদের অপেক্ষা, অনুপস্থিত পুরুষ, যুদ্ধ, রাষ্ট্র, ইতিহাস এবং বেঁচে থাকার কঠিন বাস্তবতা, সবকিছুই এমনভাবে হাজির হয়েছে যে পাঠককে নিজস্ব কল্পনা ও অভিজ্ঞতার মাধ্যমে গল্পটি সম্পূর্ণ করতে হয়। আকরাম খান এই সাহিত্যিক সংযমকে চলচ্চিত্রের ভাষায় রূপান্তর করেননি; বরং দৃশ্য, শব্দ, নীরবতা এবং সময়ের মাধ্যমে তাকে পুনর্নির্মাণ করেছেন। ফলে “নকশী কাঁথার জমিন” হাসান আজিজুল হকের গল্পের পুনরাবৃত্তি নয়; বরং চলচ্চিত্র ভাষায় একটি নতুন পাঠ (reinterpretation)। “নকশী কাঁথার জমিন” চলচ্চিত্রটি “বিধবাদের কথা” ছোটগল্পের চলচ্চিত্ররূপ নয়; এটি “বিধবাদের কথা” ছোটগল্পের একটি নতুন সিনেম্যাটিক পাঠ।
আন্দ্রে বাজাঁ (Bazin, 1967) তাঁর অভিযোজন-সম্পর্কিত আলোচনায় যুক্তি দেন যে সাহিত্য থেকে চলচ্চিত্রে অভিযোজনের মূল নির্ভর করে গল্পের আক্ষরিক বিশ্বস্ততার উপর নয়, বরং সাহিত্যিক রচনার নান্দনিক ও দার্শনিক চেতনাকে চলচ্চিত্রের নিজস্ব ভাষায় পুনর্গঠনের ভেতর দিয়ে। তাঁর মতে, চলচ্চিত্র একটি স্বতন্ত্র শিল্পমাধ্যম; তাই সাহিত্যিক রচনার দৃশ্য অনুবাদ যথেষ্ট নয়। বরং চলচ্চিত্রকে এমন একটি নতুন নন্দনতাত্ত্বিক অভিজ্ঞতা সৃষ্টি করতে হবে, যা মূল সাহিত্যকর্মের আত্মার সঙ্গে সংলাপে তৈরি করবে। “নকশী কাঁথার জমিন” ঠিক এই জায়গাতেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আকরাম খান “বিধবাদের কথা”-এর প্রতি বিশ্বস্ত থেকেও তার পুনরাবৃত্তি করেন না। তিনি মূল গল্পের কাব্যিকতাকে দৃশ্যকাব্যে নিয়ে আসেন, শব্দের নীরবতাকে মৌনতার সংলাপে হাজির করেন এবং গল্পের না বলা কথাকে ধারণ করেন দৃশ্যের উপমার ভেতর যা চলচ্চিত্রের দৃশ্যভাষায় দর্শকের অনুভুতিকে নতুনভাবে নির্মান করে। চলচ্চিত্রে অনেক ঘটনা সরাসরি দেখানো হয় না; বরং কখনো ইঙ্গিতে হাজির করেন, কখনো নিরবতার বিরতি নেন, কখনো না বলা দৃশ্যের অপেক্ষায় দর্শকের ভাবনায় গল্প হাজির করেন, কখনো বা পরিবেশের মাধ্যমে এক সাংস্কৃতিক অনুভব করানোর চেষ্টা করেন। এই কৌশলগুলো আন্দ্রে বাজাঁ (Bazin, 1967)-এর সেই ধারণাকেই সমর্থন করে যে চলচ্চিত্র আলাদা ভাষার শক্তি, যে শক্তি বাস্তবতার অনুকরণে নয়; বরং বাস্তবতার অনুভূতি নির্মাণে তৈরি।
আন্দ্রে বাজাঁ (Bazin, 1967)-এর অভিযোজনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, একটি সাহিত্যকর্ম চলচ্চিত্রে রূপান্তরিত হলে তার অর্থ কি অপরিবর্তিত থাকে? নাকি নতুন মাধ্যম নতুন অর্থ সৃষ্টি করে? “নকশী কাঁথার জমিন”-এর ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটিই ঘটে। “বিধবাদের কথা” গল্পের পাঠককে হাসান আজিজুল হক যে নীরব অন্তঃর্গত অভিজ্ঞতার ভেতর নিয়ে যান, “নকশী কাঁথার জমিন” চলচ্চিত্রটি দর্শককে এক দৃশ্যমান ঐতিহাসিক স্মৃতিতে নিয়ে যায়, এক ভৌগলিক সীমানার গল্প বলে, যার রঙ, শব্দ এবং চরিত্রের শারীরিক উপস্থিতির মাধ্যমে চলচ্চিত্রে নতুন মাত্রা এনে দেয়। ফলে “বিধবাদের কথা” গল্প একই কাহিনী হয়েও “নকশী কাঁথার জমিন” চলচ্চিত্রে এসে দর্শককে এক সাংস্কৃতিক ও ঐতিহাসিক সংঘাতের মুখোমুখি করেন আকরাম খান।
এই চলচ্চিত্রে নকশী কাঁথা কেবল একটি বস্তু নয়; এটি গল্পের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দর্শকের স্মৃতিতে, বাংলাদেশের মাটিতে, সংস্কৃতিতে, পোশাকে, নীরবতায় এবং সময়ের চলমানতায়।। সাহিত্যে যে ভাষায় দৃশ্য নির্মিত হয় পাঠকের কল্পনায়, চলচ্চিত্রে তা কাপড়ের বুনন, আলোর পতন, মাটির রঙ, বাতাসের শব্দ এবং মানুষের শরীরের উপস্থিতির মাধ্যমে নির্মিত হয়। ফলে অভিযোজন এখানে অনুবাদ নয়; বরং সাংস্কৃতিক পুনর্লিখন।
এই পুনর্লিখনের প্রক্রিয়ায় আকরাম খান মূল গল্পের সীমা অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসের বৃহত্তর পরিসরকে চলচ্চিত্রে হাজির করেন। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ছয় দফা, ১৯৭০-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ চলচ্চিত্রে সরাসরি রাজনৈতিক বক্তৃতা হিসেবে উপস্থিত হয় না; বরং মানুষের ব্যক্তিগত জীবনের ক্ষয়, অনুপস্থিতি, অপেক্ষা এবং বিধবা হয়ে ওঠার অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। এখানেই “নকশী কাঁথার জমিন” একটি সাহিত্যিক অভিযোজন থেকে ইতিহাস-সচেতন চলচ্চিত্রে পরিণত হয়।
ফরাসি Cahiers du Cinéma-এর সমালোচক ফ্রাঁসোয়া ত্রুফো যে Auteur Theory-এর ধারণা প্রতিষ্ঠা করেছিলেন, তার মূল বক্তব্য ছিল, একজন চলচ্চিত্র নির্মাতার প্রতিটি চলচ্চিত্রে একটি ব্যক্তিগত ভাষা, দৃষ্টিভঙ্গি ও নন্দনতত্ত্ব থাকে (Truffaut, 1954/2008)। গল্প ভিন্ন হতে পারে, কিন্তু নির্মাতার স্বাক্ষর একই থাকে। আকরাম খানের চলচ্চিত্রভাষা নিয়ে আলোচনা করলে দেখা যায়, তিনি ধারাবাহিকভাবে সময়, স্মৃতি, স্থান, নীরবতা এবং প্রান্তিক মানুষের অভিজ্ঞতাকে চলচ্চিত্রের কেন্দ্রে নিয়ে আসেন। “ঘাসফুল”, “খাঁচা” এবং “নকশী কাঁথার জমিন”— এই চলচ্চিত্রগুলোর মধ্যে বিষয়গত পার্থক্য থাকলেও তাদের নান্দনিক আত্মীয়তা স্পষ্ট। এই আত্মীয়তার কেন্দ্রে রয়েছে সংযম, স্থিরতা, দৃশ্যের উপর আস্থা এবং দর্শকের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণের প্রতি নির্মাতার বিশ্বাস।
“নকশী কাঁথার জমিন”-এ আকরাম খান গল্পকে ঘটনানির্ভর করেন না, চরিত্রকে নায়ক বানান না, সংলাপকে তথ্য পরিবেশনের মাধ্যম বানান না; বরং দৃশ্যকে অনুভূতির স্থানে নিয়ে যান। চলচ্চিত্রটির প্রতিটি ফ্রেমে নির্মাতার উপস্থিতি অনুভূত হয়, কিন্তু সেই উপস্থিতি কখনোই আত্মপ্রদর্শন নয়; বরং এটি এমন এক সিনেম্যাটিক নিয়ন্ত্রণ, যেখানে দর্শকের ভাবনায় অনুভূতির যে গতিপথ তাও নির্মাতা সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করেন। এখানে ক্যামেরা কেবল পর্যবেক্ষক নয়, বরং সাংস্কৃতিক স্মৃতির সহযাত্রী। নির্মাতার দৃষ্টি চরিত্রকে অনুসরণ করে না; বরং চরিত্র, স্থান, ইতিহাস এবং নীরবতার মধ্যে একটি সম্পর্ক স্থাপন করে।
রাশিয়ান চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি চলচ্চিত্রকে বলেছিলেন Sculpting in Time, সময়কে ভাস্কর্যের মতো নির্মাণ করা (Tarkovsky, 1986)। তাঁর মতে, চলচ্চিত্রের প্রকৃত উপাদান হলো সময়; দৃশ্য, সম্পাদনা বা কাহিনি সেই সময়কে সংগঠিত করার মাধ্যম মাত্র। আকরাম খানও সময়কে ব্যবহার করেন কাহিনীর ধারাবাহিকতা তৈরির জন্য নয়; বরং আবহ, স্মৃতি এবং অনুভূতির এক জটিল নকশা নির্মাণের জন্য। “নকশী কাঁথার জমিন”-এর বহু দৃশ্যের নাটকীয়তা দৃশ্যমান ঘটনার ভেতরে নয়; বরং ফ্রেমের শূন্যতায়, বাতাসের শব্দে, মানুষের অপেক্ষায়, অসমাপ্ত সংলাপে এবং দীর্ঘ নীরবতায়। চলচ্চিত্রটির প্রতিটি দৃশ্য যেন একটি অসমাপ্ত কবিতার পঙ্ক্তি, যার শেষ লাইন দর্শক নিজেই লিখে নেন। এই কারণেই চলচ্চিত্রটি Poetic Cinema-এর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে সাধারণত দৃশ্যের কাজ হলো গল্পকে এগিয়ে নেওয়া। কিন্তু আকরাম খানের চলচ্চিত্রে অনেক দৃশ্যের কোনো তাৎক্ষণিক কাহিনীগত প্রয়োজন নেই। একটি মাঠ, একটি জানালা, একটি কাপড় শুকানোর দৃশ্য, একটি দীর্ঘ অপেক্ষা, কিংবা বাতাসে দুলতে থাকা একটি গাছ, এসব দৃশ্য কাহিনীর তথ্য দেয় না; বরং একটি সময়কে হাজির করে, একটি মানসিক অবস্থা তৈরি করে এবং একটি সাংস্কৃতিক ভূগোল সীমা নির্মাণ করে। এই নান্দনিক অবস্থান আমাদের ইয়াসুজিরো ওজু, থিও অ্যাঞ্জেলোপোলাস কিংবা আব্বাস কিয়ারোস্তামির চলচ্চিত্রের কথা মনে করিয়ে দেয়, যেখানে দৃশ্যের শক্তি তার ঘটনায় নয়, তার স্থায়িত্বে।
ডেভিড বোর্ডওয়েলের ভাষায় ক্লাসিক্যাল চলচ্চিত্র দর্শককে একটি সুস্পষ্ট কারণ-ফলাফল কাঠামোর মধ্যে রাখে (Bordwell, 1985)। কিন্তু “নকশী কাঁথার জমিন” সেই কাঠামো অনুসরণ করে না। এখানে গল্পের শুরু ও শেষ স্পষ্ট নয়, অতি নাটকীয় ক্লাইম্যাক্স নেই, নায়কের বিজয় নেই, এমনকি অনেক প্রশ্নের উত্তরও নেই। চলচ্চিত্রটি দর্শকের বুদ্ধিবৃত্তিক অংশগ্রহণ দাবি করে। রোলাঁ বার্ত (Barthes, 1974)-এর ভাষায় এটি একটি Writerly Text, যেখানে অর্থ নির্মাণ করেন দর্শক নিজেই। চলচ্চিত্র শেষ হওয়ার পর গল্প শেষ হয় না; বরং তখনই শুরু হয় দর্শকের ব্যক্তিগত পাঠ।
এই চলচ্চিত্রের ন্যারেটিভ বিন্যাস ভাঙাচোরা স্মৃতির মতো। অতীত, বর্তমান, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং জাতীয় ইতিহাস একে অপরের সঙ্গে মিশে যায়। দর্শককে কোনো ব্যাখ্যা দেওয়া হয় না। বরং চলচ্চিত্রটি এমন একটি খোলা কাঠামো নির্মাণ করে, যেখানে প্রতিটি দৃশ্য একাধিক অর্থের সম্ভাবনা বহন করে। এই উন্মুক্ততা চলচ্চিত্রটিকে একবার দেখায় পুরো আস্বাদন অনুভবে কঠিন করে তোলে; বরং এটি পুনঃদর্শনের আহ্বান জানায়। প্রতিবার দেখা যেন নতুন একটি পাঠের সম্ভাবনা তৈরি করে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত অধিকাংশ চলচ্চিত্র ইতিহাসকে ঘটনার অংশ হিসেবে উপস্থাপন করে। কিন্তু “নকশী কাঁথার জমিন” ইতিহাসকে ঘটনায় নয়, স্মৃতিতে খোঁজে। ১৯৫২, ১৯৫৪, ১৯৬৬, ১৯৭০ কিংবা ১৯৭১ এখানে রাজনৈতিক অধ্যায় নয়; এগুলো মানুষের অপেক্ষা, অনুপস্থিতি, হারিয়ে যাওয়া স্মৃতি, বিধবা হয়ে ওঠা জীবন এবং সময়ের ক্ষত। পিয়ের নোরা (Nora, 1989)-র Lieux de Mémoire ধারণার আলোকে বলা যায়, এই চলচ্চিত্রে ইতিহাস কোনো রাষ্ট্রের দলিল নয়; বরং মানুষের শরীর, ঘর, জমিন এবং স্মৃতির মধ্যে সংরক্ষিত থাকে।
“নকশী কাঁথার জমিন” তাই একটি সাংস্কৃতিক স্মৃতির চলচ্চিত্র। এখানে ইতিহাস সরাসরি দৃশ্যায়িত হয় না; বরং ইতিহাসের অনুপস্থিতি দৃশ্যমান হয়। যে মানুষটি ফিরে আসে না, যে ঘরটি অপেক্ষা করে, যে জমিনে কেউ আর চাষ করে না, যে কাপড়টি বারবার সেলাই করা হয়, এই অনুপস্থিত উপস্থিতিগুলোই ইতিহাসের প্রকৃত চিহ্ন হয়ে হাজির হয়। চলচ্চিত্রটি আমাদের শেখায় যে জাতীয় ইতিহাস কেবল রাষ্ট্রের বিজয়ের কাহিনী নয়; এটি অসংখ্য ব্যক্তিগত ক্ষতি, নাজানা অপেক্ষা এবং অসংখ্য নারীদের দীর্ঘ নীরবতার গল্প।
বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে আমরা সাধারণত নায়ককেন্দ্রিক নির্মাণ দেখি। কিন্তু আকরাম খান সেই ধারণাকে ভেঙে দেন। “নকশী কাঁথার জমিন”-এ কোনো চরিত্রই একক কেন্দ্রীয় চরিত্র নয়; প্রতিটি চরিত্র বৃহত্তর মানবিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। এটি ইতালীয় নিওরিয়ালিজমের সঙ্গে একটি আত্মীয়তা তৈরি করে, যেখানে ব্যক্তির চেয়ে সামাজিক বাস্তবতা বড় হয়ে ওঠে। ফলে চলচ্চিত্রটি কোনো একজন মানুষের কাহিনী নয়; বরং একটি সময়ের সমষ্টিগত স্মৃতি।
চলচ্চিত্রটির সবচেয়ে শক্তিশালী দিক হলো এর mise-en-scène। ফ্রেমের ভেতরে মানুষের অবস্থান, ফাঁকা স্থান, দরজা-জানালা, আলোক পরিকল্পনা, কাদামাটি, ক্ষেত, কাপড় এবং নকশী কাঁথা, সবকিছুই অর্থ বহন করে। ক্যামেরা কেবল মানুষকে অনুসরণ করে না; বরং স্থানকে স্মৃতিতে পরিণত করে। দৃশ্যগুলো কেবল বাস্তবতার চিহ্ন নয়; বরং সাংস্কৃতিক প্রতীকে রূপান্তরিত হয়। মাটি এখানে শুধু একটি লোকেশন নয়; এটি ইতিহাসের ধারক। কাপড় শুধু পোশাক নয়; এটি স্মৃতির বাহক। নকশী কাঁথা শুধু একটি বস্ত্র নয়; এটি সময়ের সেলাই করা দলিল।
এই চলচ্চিত্রের অভিনয়ও একই সংযমী নন্দনতত্ত্বের অংশ। বাংলাদেশি মূলধারার চলচ্চিত্রে যেখানে আবেগের বহিঃপ্রকাশ প্রায়ই নাটকীয়তার মাধ্যমে নির্মিত হয়, সেখানে “নকশী কাঁথার জমিন”-এ অভিনয় নীরবতার উপর দাঁড়িয়ে। চরিত্ররা নিজেদের ব্যাখ্যা করে না; বরং নিজেদের লুকিয়ে রাখে। মুখের অভিব্যক্তি, দৃষ্টি, অপেক্ষা, হাঁটা, বসে থাকা কিংবা কাপড় ভাঁজ করার মতো দৈনন্দিন শরীরী ক্রিয়াকলাপই হয়ে ওঠে আবেগের প্রধান বাহক। দুই বিধবার চরিত্রে অভিনয়কারীরা কোনো একক ট্র্যাজিক নায়িকায় পরিণত হন না; বরং একটি সময়, একটি সমাজ এবং একটি দীর্ঘস্থায়ী অনুপস্থিতির প্রতিনিধি হয়ে ওঠেন। এই অভিনয় দর্শককে কাঁদাতে চায় না; বরং দর্শকের ভেতরে ধীরে ধীরে এক ধরনের মানবিক বিষণ্নতা তৈরি করে।
সম্পাদনার ক্ষেত্রেও আকরাম খান একটি স্বতন্ত্র চলচ্চিত্রিক অবস্থান গ্রহণ করেন। সের্গেই আইজেনস্টাইনের মন্টাজ তত্ত্ব-সংঘর্ষ (কনফ্লিক্ট) ও নতুন অর্থ নির্মাণের উপর জোর দিলেও এখানে সম্পাদনা বরং তারকোভস্কীয় সময়-চিন্তার কাছাকাছি। দৃশ্যগুলো দ্রুত এগিয়ে যায় না; বরং সময়কে ঘনীভূত করে, প্রসারিত করে এবং দর্শককে সেই সময়ের ভেতরে বসবাস করতে বাধ্য করে। অনেক দৃশ্য দীর্ঘস্থায়ী, অনেক কাট স্থির, আবার অনেক ঘটনা পর্দার বাইরে ঘটে যায়। এই অফ-স্ক্রিন স্পেসের ব্যবহার চলচ্চিত্রটির অন্যতম শক্তি। যা দেখা যায় না, তার উপস্থিতিই এখানে সবচেয়ে প্রবল। সম্পাদনার এই সংযম চলচ্চিত্রটিকে ধীরগতির করে না; বরং একটি ধ্যানমগ্ন ছন্দ তৈরি করে, যেখানে দর্শক ঘটনাকে অনুসরণ না করে অনুভূতির সঙ্গে চলতে শেখে।
মিশেল শিয়োঁ (Chion, 1994) দেখিয়েছেন, চলচ্চিত্রে শব্দ কেবল সংলাপ নয়; বরং দৃশ্যের অর্থ তৈরির একটি স্বতন্ত্র পদ্ধতি। “নকশী কাঁথার জমিন”-এ বাতাসের শব্দ, পাখির ডাক, দূরের মানুষের চলাচল এবং দীর্ঘ নীরবতা মিলিয়ে একটি আবেগিক পরিবেশ তৈরি করে। এই চলচ্চিত্রে সংগীত আবেগকে নির্দেশ করে না; বরং আবেগের জন্য একটি শূন্য স্থান তৈরি করে। লোকেশনে সাউন্ড বা পরিবেশের শব্দ, নিস্তব্ধতা এবং সীমিত সংগীতায়োজন মিলে এমন একটি acoustic landscape তৈরি করে, যা দর্শককে অন্য এক সময়ের ভেতরে, স্থানের ভেতরে নিয়ে যায়। অনেক সময় কোনো সংলাপ নেই, কিন্তু শব্দ আছে; আবার অনেক সময় শব্দও নেই, কেবল নীরবতা। সেই নীরবতাই হয়ে ওঠে চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী সংগীত।
রঙ ও আলোক পরিকল্পনাও চলচ্চিত্রটির নন্দনতাত্ত্বিক অবস্থান গুরুত্বপূর্ণ। এই চলচ্চিত্রের কালারপ্যালেট মাটির কাছাকাছি, ধূসর, ফিকে সবুজ, শুকনো বাদামি, ধানক্ষেতের হলুদ এবং প্রাকৃতিক আলোর সংযত ব্যবহার। এই রঙবিন্যাস কোনো রোমান্টিক নস্টালজিয়া তৈরি করে না; বরং স্মৃতির একটি ক্ষয়িষ্ণু পরিবেশ তৈরি করে। আলো চরিত্রকে আলাদা করে না; বরং পরিবেশের সঙ্গে মিশিয়ে দেয়। দরজা-জানালা দিয়ে প্রবেশ করা আলো, ঘরের অন্ধকার, সন্ধ্যার ম্লান আভা কিংবা কাদামাটির উপর পড়া আলো, সবকিছু মিলে একটি lived-in reality তৈরি করে। ফলে রঙ, আলো, মাটি, মানুষ এবং ইতিহাস এক অবিচ্ছিন্ন দৃশ্যতন্তুতে যুক্ত হয়ে যায়, যেমন একটি নকশী কাঁথা বহু বিচ্ছিন্ন কাপড়ের টুকরোকে একত্রে সেলাই করে।
দর্শকের ভূমিকা বা Spectatorship Theory এই চলচ্চিত্রের অন্যতম শক্তি। চলচ্চিত্রটি দর্শককে নিষ্ক্রিয় ভোক্তা হিসেবে দেখে না; বরং চলচ্চিত্রের সহ-নির্মাতা করে তোলে। বহু দৃশ্য অসমাপ্ত, অর্থও অসমাপ্ত; দর্শক তাঁর ব্যক্তিগত ইতিহাস, অভিজ্ঞতা এবং স্মৃতি দিয়ে সেই অর্থ সম্পূর্ণ করেন। দর্শকের সাথে এই অংশগ্রহণমূলক নন্দনতত্ত্বই চলচ্চিত্রটিকে বারবার দেখার মতো করে তোলে। প্রথম দেখায় যে দৃশ্য কেবল একটি গ্রামীণ বাস্তবতার পর্যবেক্ষণ বলে মনে হয়, দ্বিতীয় বা তৃতীয় দর্শনে সেটি ইতিহাস, অনুপস্থিতি কিংবা রাজনৈতিক সহিংসতার একটি গভীর ইঙ্গিতে পরিণত হয়। ফলে চলচ্চিত্রটি স্থির অর্থ উৎপাদন করে না; বরং প্রত্যেকবার আলাদা আলাদা দেখার সঙ্গে নতুন অর্থের সম্ভাবনা সৃষ্টি করে।
রোলাঁ বার্ত (Barthes, 1974) The Death of the Author এবং S/Z-এ যে পাঠক-নির্ভর অর্থ উৎপাদনের ধারণা উত্থাপন করেন, “নকশী কাঁথার জমিন” তার একটি অন্যতম উদাহরণ। এখানে নির্মাতা অর্থের একমাত্র উৎস নন; দর্শকের স্মৃতি, রাজনৈতিক অবস্থান, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ইতিহাসও চলচ্চিত্রের অর্থ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখে। বাংলাদেশের একজন দর্শক, যিনি মুক্তিযুদ্ধ, গ্রামীণ সমাজ, নারীর জীবন কিংবা পারিবারিক অনুপস্থিতির অভিজ্ঞতার সঙ্গে পরিচিত, তিনি চলচ্চিত্রটিকে একভাবে পড়বেন; আবার আন্তর্জাতিক দর্শক এটিকে যুদ্ধ-পরবর্তী মানবিক ট্র্যাজেডির একটি সার্বজনীন কাব্য হিসেবে পড়তে পারেন। এই বহুমাত্রিকতা চলচ্চিত্রটির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও একটি গুরুত্বপূর্ণ কারণ।
চলচ্চিত্রটির আরেকটি গভীর দিক হলো নারীর ইতিহাসচেতনার নির্মাণ। ইতিহাস সাধারণত রাষ্ট্র, যুদ্ধ, রাজনীতি এবং পুরুষ-নায়কত্বের ভাষায় লেখা হয়। কিন্তু “নকশী কাঁথার জমিন” ইতিহাসকে নারীর অপেক্ষা, শ্রম, শরীর, কাপড়, রান্নাঘর, উঠান, নীরবতা এবং দীর্ঘস্থায়ী বেঁচে থাকার অভিজ্ঞতার ভেতর দিয়ে পুনরায় কল্পনা করে। এই অর্থে চলচ্চিত্রটি একটি feminine historical consciousness নির্মাণ করে। দুই বিধবার জীবন কেবল ব্যক্তিগত শোক নয়; এটি জাতীয় ইতিহাসের অন্তর্লিখিত অধ্যায়। যুদ্ধের পর যে নারী বেঁচে থাকে, যে ঘর ধরে রাখে, যে কাপড় সেলাই করে, যে প্রতিদিন অনুপস্থিত মানুষের জন্য অপেক্ষা করে, তার অভিজ্ঞতাও ইতিহাস। চলচ্চিত্রটি সেই উপেক্ষিত ইতিহাসকে দৃশ্যমান করে।
নকশী কাঁথা এই প্রেক্ষাপটে একটি কেন্দ্রীয় প্রতীক। লোকজ সংস্কৃতিতে নকশী কাঁথা স্মৃতি, শ্রম, ভালোবাসা, শোক এবং উত্তরাধিকারের বাহক। বহু ব্যবহৃত কাপড়ের টুকরো জোড়া লাগিয়ে যেমন একটি কাঁথা তৈরি হয়, তেমনি বিচ্ছিন্ন স্মৃতি, অনুপস্থিত মানুষ, হারিয়ে যাওয়া সময় এবং ইতিহাসের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো মিলিয়ে চলচ্চিত্রটি একটি বৃহত্তর জাতীয় অনুভূতি নির্মাণ করে। ফলে নকশী কাঁথা এখানে কেবল একটি প্রপস নয়; এটি চলচ্চিত্রের ন্যারেটিভ কাঠামোরও রূপক। চলচ্চিত্রের দৃশ্যগুলোও যেন কাঁথার সেলাইয়ের মতো, একটি দৃশ্য আরেকটির সঙ্গে সরলরৈখিকভাবে নয়, বরং অনুভূতির সুতোয় যুক্ত।
এই নীরবতা এবং সংযমের রাজনীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। সমকালীন বিশ্বে, বিশেষত ডিজিটাল যুগের দ্রুতগতির ভিজ্যুয়াল সংস্কৃতিতে, যেখানে চলচ্চিত্র প্রায়শই অতিরিক্ত তথ্য, অতিরিক্ত সংলাপ এবং অতিরিক্ত আবেগের উপর নির্ভরশীল, সেখানে “নকশী কাঁথার জমিন” নীরবতাকে একটি সিনেম্যাটিক ভাষায় পরিণত করে। নীরবতা এখানে শূন্যতা নয়; বরং একটি ঘন অর্থপূর্ণ উপস্থিতি। যে কথাগুলো বলা হয় না, যে মানুষগুলো ফিরে আসে না, যে দৃশ্যগুলো দেখানো হয় না, সেগুলোই চলচ্চিত্রটির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক বিষয়। এই নীরবতা রাষ্ট্রের আনুষ্ঠানিক ইতিহাসের বিপরীতে ব্যক্তিগত স্মৃতির ইতিহাসকে সামনে নিয়ে আসে।
মিশেল ফুকোর ক্ষমতা ও বয়ান সম্পর্কিত ধারণা এখানে স্মরণীয়। ক্ষমতা কেবল যা বলা হয় তার মধ্যেই নয়, বরং যা বলা হয় না, যা আড়াল করা হয়, যা প্রান্তে ঠেলে দেওয়া হয়, তার মধ্যেও কাজ করে। “নকশী কাঁথার জমিন” সেই আড়াল করা জায়গা গুলোকে দৃশ্যমান করে। বিধবাদের জীবন, তাদের শ্রম, তাদের নীরবতা এবং তাদের দীর্ঘ অপেক্ষা, এসবই রাষ্ট্রকেন্দ্রিক ইতিহাসের বাইরে থাকা অভিজ্ঞতা। আকরাম খান সেই প্রান্তিক অভিজ্ঞতাকে চলচ্চিত্রের কেন্দ্রে নিয়ে আসেন। ফলে চলচ্চিত্রটি কেবল একটি সাহিত্যিক অভিযোজন নয়; এটি ইতিহাস লেখার বিকল্প পদ্ধতিও।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে চিহ্নিত হবে। ১৯৭০-এর দশকের পর থেকে বাংলাদেশে যে ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রধারা গড়ে ওঠে, তার একটি বড় অংশ জাতীয়তাবাদী ন্যারেটিভ, বীরত্ব, আত্মত্যাগ এবং রাষ্ট্র নির্মাণের ভাষাকে কেন্দ্র করে নির্মিত। সেই ধারার নিজস্ব গুরুত্ব থাকলেও সেখানে প্রায়শই ব্যক্তিগত স্মৃতি, নারীর অভিজ্ঞতা এবং নীরবতার রাজনীতি অনুপস্থিত থাকে। “নকশী কাঁথার জমিন” এই অনুপস্থিত ক্ষেত্রগুলোকে চলচ্চিত্রের কেন্দ্রে নিয়ে আসে। এটি যুদ্ধকে যুদ্ধক্ষেত্রে নয়, যুদ্ধের পর বেঁচে থাকা মানুষের ঘরে নিয়ে যায়, বাড়ির উঠানের গল্প বলে, চরিত্রের ভেতর দিয়ে দৈনন্দিন জীবন খোঁজে।
এই দৃষ্টিকোণ থেকে চলচ্চিত্রটি বাংলাদেশের post-war cinema-এর একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এটি যুদ্ধকে একটি সমাপ্ত ঘটনা হিসেবে নয়, বরং দীর্ঘস্থায়ী সামাজিক ও মানসিক অভিঘাত হিসেবে দেখে। যে ক্ষতি যুদ্ধের সঙ্গে সঙ্গে শেষ হয় না, যে শোক প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে, যে অনুপস্থিতি পরিবার এবং সংস্কৃতির ভেতরে স্থায়ী হয়ে যায়। চলচ্চিত্রটি সেই দীর্ঘস্থায়ী সময়কে ধারণ করে। তারকোভস্কির ভাষায়, চলচ্চিত্র কেবল সময়কে ধারণ করে না; সময়কে অনুভব করায়।
বাংলাদেশের সমকালীন স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতেও “নকশী কাঁথার জমিন” গুরুত্বপূর্ণ। কারণ এটি প্রমাণ করে যে সীমিত সম্পদ, সংযত প্রযোজনা এবং ধীর ন্যারেটিভ ব্যবহার করেও একটি অসাধারণ চলচ্চিত্র নির্মাণ সম্ভব। এখানে প্রযুক্তিগত প্রদর্শন নয়, বরং নন্দনতাত্ত্বিক দেখার ভঙ্গি গুরুত্বপুর্ণ। অভিনয়, সম্পাদনা, সংগীত, শব্দ, রঙ, আলো এবং স্থান, সবকিছু একটি অভিন্ন চলচ্চিত্রভাষার অংশ। এই সংহতিই চলচ্চিত্রটির শিল্পমূল্য নির্ধারণ করে।
সবশেষে বলা যায়, “নকশী কাঁথার জমিন” কে কেবল একটি সাহিত্যনির্ভর চলচ্চিত্র বললে তার মূল্যায়ন অসম্পূর্ণ হবে। এটি মূলত স্মৃতি, ইতিহাস, নারীজীবন এবং সময়ের উপর নির্মিত একটি Poetic Historical Cinema। আকরাম খান এখানে সাহিত্যকে অনুসরণ করেননি; তিনি তার সঙ্গে সংলাপ করেছেন এবং ইতিহাসের মানসিক অভিঘাতকে দৃশ্য, শব্দ, নীরবতা, অভিনয়, সম্পাদনা এবং রঙের মাধ্যমে পুনর্গঠন করেছেন। বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রে যেখানে অধিকাংশ নির্মাণ এখনও প্লটনির্ভর, সেখানে “নকশী কাঁথার জমিন” চলচ্চিত্রকে একটি চিন্তার শিল্প, স্মৃতির শিল্প এবং দৃশ্যকাব্যের শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার সাহস দেখায়।
এই চলচ্চিত্র দর্শককে গল্প শোনায় না; দর্শককে ভাবতে শেখায়। এটি উত্তর দেয় না; প্রশ্ন রেখে যায়। এটি ইতিহাস পুনরাবৃত্তি করে না; ইতিহাসের অনুভূতি নির্মাণ করে। আর সেই কারণেই “নকশী কাঁথার জমিন” বাংলাদেশের চলচ্চিত্র ভাষার বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ নান্দনতাত্ত্বিক চলচ্চিত্র। এমন চলচ্চিত্র পর্দায় শেষ হয়, কিন্তু দর্শকের ভেতরে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকে। তার দৃশ্য, তার নীরবতা, তার রঙ, তার বাতাস, তার অপেক্ষা, সবকিছু মিলিয়ে এটি আমাদের সাংস্কৃতিক স্মৃতির অংশ হয়ে ওঠে। সাহিত্য থেকে চলচ্চিত্রে এর যাত্রা তাই রূপান্তরের নয়; পুনর্নির্মাণের এবং সেই পুনর্নির্মাণই “নকশী কাঁথার জমিন”-এর প্রকৃত শিল্পমূল্য।
রেফারেন্স
Barthes, R. (1974). S/Z (R. Miller, Trans.). Hill and Wang.
Bazin, A. (1967). What is cinema? (Vol. 1, H. Gray, Trans.). University of California Press.
Bordwell, D. (1985). Narration in the fiction film. University of Wisconsin Press.
Chion, M. (1994). Audio-vision: Sound on screen (C. Gorbman, Trans.). Columbia University Press.
Nora, P. (1989). Between memory and history: Les lieux de mémoire. Representations, 26, 7–24.
Tarkovsky, A. (1986). Sculpting in time: Reflections on the cinema (K. Hunter-Blair, Trans.). University of Texas Press.
Truffaut, F. (2008). A certain tendency of the French cinema. In J. Hill & P. C. Gibson (Eds.), The Oxford guide to film studies (pp. 9–16). Oxford University Press. (Original work published 1954)