A BILINGUAL ONLINE LITERARY MAGAZINE

বিদ্রোহের অগ্নিশিখা

ভোরের আলো , কে যে এল , জাগল সোনার দেশ ,
হাসল ফুল আর দুলল পাতা , নতুন রঙের বেশ ।
অচেনা সেই বীরের মুখে সাহস ভরা গান ,
শিশুরা সব চেয়ে রইল-কে সেই মহাপ্রাণ ?

অন্যায়েরই সামনে গিয়ে বললেন দৃপ্ত বাণী ,
সত্যের পথে চলতে শেখান , ভয় যে ক্ষণিকখানি ।
ঝড়ের মুখে দীপ জ্বেলে রাখেন আশা জাগিয়ে ,
বিদ্রোহী সেই অগ্নিশিখা পথ দেখান এগিয়ে ।

ধনী-গরিব সবার মুখে দেখেন আপন হাসি ,
মানুষ আগে -এই কথাটি বলেন ভালোবাসি ।
ধর্ম-বর্ণ ভেদ ভুলিয়ে ধরেন সবার হাত ,
ভালোবাসার ফুল ফোটান সকাল , দুপুর , রাত ।

বাঁশির সুরে , কবিতাতে জাগে নতুন প্রাণ ,
বাংলা জুড়ে আজও বাজে নজরুলেরই গান ।
শিশুর মনে সাহস জাগে , স্বপ্ন ডানা মেলে ,
সত্য-সুন্দরের আলো ছড়িয়ে চলেন অবহেলে ।

আজও তাঁকে স্মরণ করি শ্রদ্ধাভরা প্রাণে ,
তাঁরই বাণী পথ দেখাবে যুগে যুগে টানে ।
বিদ্রোহী সেই অগ্নিশিখা জ্বলুক অবিরাম -
কাজী নজরুল ইসলাম , বাংলার গৌরব নাম ।



Share on social media